ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

১৩০ মিলিয়ন ডলার নিয়ে গেছেন বিদেশি নাগরিকরা : সংসদে অর্থমন্ত্রী

গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় হতে ১৩০ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 


সোমবার (২৪ জুন) সংসদে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এতথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।


মন্ত্রী জনান, বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয় তথ্য সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। তবে গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় হতে ১৩০ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন। 


কোন দেশের নাগরিক কত ডলার নিয়েছেন সেই তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, ভারত ৫০ দশমিক ৬০ মিলিয়ন ডলার, চীন ১৪ দশমিক ৫৬ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কা ১২ দশমিক ৭১ মিলিয়ন ডলার, জাপান ছয় দশমিক ৮৯ মিলিয়ন ডলার, কোরিয়া ৬ দশমিক ২১ মিলিয়ন ডলার, থাইল্যান্ড পাঁচ দশমিক ৩০ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য তিন দশমিক ৫৯ মিলিয়ন ডলার, পাকিস্তান তিন দশমিক ২৪ মিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্র তিন দশমিক ১৭ মিলিয়ন ডলার, মালয়েশিয়া দুই দশমিক ৪০ মিলিয়ন ডলার, অন্যান্য দেশের নাগরিকরা ২১ দশমিক ৯২ মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছেন।


এমপি আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। মূল্যস্ফীতির চলমান সংকটের মূলে যে কারণগুলো রয়েছে তা হলো- বৈশ্বিক পণ্য বাজারে সরবরাহে অনিশ্চয়তা, মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া এবং দেশের বাজারে সরবরাহ শৃঙ্খলে ত্রুটি। অর্থনৈতিক এ সংকট কাটিয়ে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।


দেশে নিবন্ধিত সিম ৩৩ কোটি, সক্রিয় ১৯ কোটি


এদিকে প্রশ্নোত্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার, এর মধ্যে সক্রিয় ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার। 


এমপি আব্দুল মালেক সরকারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে সেলুলার মোবাইল ফোন অপারেটরের সংখ্যা চারটি। এগুলো হলো- গ্রামীণফোন লিমিটড, রবি অজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে এ চারটি মোবাইল অপারেটরের নিবন্ধিত সিম সংখ্যা মোট ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি। 


তিনি আরও জানান, গ্রামীণফোনের নিবন্ধিত সিমের সংখ্যা ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫টি। বাংলালিংকের নয় কোটি সাত লাখ ৬৫ হাজার ৯৬২টি, রবি অজিয়াটার ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০টি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের নিবন্ধিত সিমের সংখ্যা এক কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩টি। এর মধ্যে গ্রামীণফোনের সক্রিয় সিম আট কোটি ৩৯ লাখ ৫০ হাজার, রবি অজিয়াটার পাঁচ কোটি ৮৫ লাখ ১০ হাজার, বাংলালিংকের চার কোটি ৪৭ লাখ ২০ হাজার এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৬৫ লাখ ৫০ হাজার। দেশে মোট ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার সক্রিয় সিম রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।


সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে পলক জানান, ২০১৯ সালে বিটিসিএলের গ্রাহক সংখ্যা ছিল পাঁচ লাখ ১৯ হাজার ৯২২ জন। বর্তমানে ২০২৪ সারেল ১২ জুন সে সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন লাখ ৭৩ হাজার ৯৫০ জন। অর্থাৎ বিগত পাঁচ বছরে বিটিসিএলের গ্রাহক সংখ্যা কমেছে এক লাখ ৪৫ হাজার ৯৭২ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑